সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিনকে নিয়ে এখন হাট-বাজার, চায়ের দোকান ও জনসমাগমস্থলে ব্যাপক আলোচনা চলছে।
স্থানীয়দের মুখে মুখে তাঁর নাম উচ্চারিত হচ্ছে বলে জানা গেছে।
মো. জামাল উদ্দিন, পিতা-হয়রত আলী, ৫নং ওয়ার্ডের বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সুখ-দুঃখে পাশে থাকা এবং উন্নয়নমুখী চিন্তাভাবনার কারণে তিনি স্থানীয়দের নজর কেড়েছেন বলে অনেকেই মনে করছেন।
স্থানীয়দের ভাষ্য, ওয়ার্ডের বিভিন্ন হাট-বাজার, চায়ের আড্ডা ও সামাজিক অনুষ্ঠানে এখন অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছেন মো. জামাল উদ্দিন। অনেকেই তাঁকে একজন ভদ্র, সৎ ও জনবান্ধব সম্ভাব্য জনপ্রতিনিধি হিসেবে মূল্যায়ন করছেন। তবে নির্বাচনের চূড়ান্ত সিদ্ধান্ত যে ভোটাররাই নেবেন, সেটিও তারা উল্লেখ করেন।
সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন বলেন, "আমি কোনো বিভেদ নয়, সবাইকে সঙ্গে নিয়ে ৫নং ওয়ার্ডের উন্নয়নে কাজ করতে চাই। শিক্ষা, যোগাযোগ, কৃষি, যুবসমাজের কর্মসংস্থান এবং অসহায় মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চাই। জনগণের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাই আমার সবচেয়ে বড় শক্তি।"
এদিকে, স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ভোটারদের আলোচনা বাড়ছে। এরই ধারাবাহিকতায় ৫নং ওয়ার্ডে মো. জামাল উদ্দিনকে নিয়েও ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.