কক্সবাজারের উখিয়ার উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তবর্তী রশিদের ঘের এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে টহল দেওয়ার সময় মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে দুটি পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে টহল দলের সদস্যদের সন্দেহ হয়। এ সময় তাঁদের চ্যালেঞ্জ করা হলে তাঁরা পোটলাগুলো ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যান।
পরে ফেলে যাওয়া পোটলা দুটি তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে থাকা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পলাতক ব্যক্তিদের আটক করতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক সরবরাহকারী ও এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাহিনীটি।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.