সুনামগঞ্জের শাল্লায় হাওর রক্ষা বাঁধের প্রকল্প (পিআইসি) দেওয়ার নামে অর্থ আত্মসাৎ এবং পরবর্তীতে পাওনা টাকা চাওয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বিকেল ৫টায় শাল্লা উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা রাকিব মিয়া অভিযোগ করেন, পানি উন্নয়ন বোর্ডের সাংবাদিক প্রতিনিধি হওয়ার সুবাদে পাবেল আহমেদ নামে এক ব্যক্তির সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়। পাবেল তাকে বরাম হাওরের ৩৩ ও ১৮ নম্বর প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং এর বিনিময়ে ৩ লাখ টাকা গ্রহণ করেন।
রাকিব মিয়া বলেন, "প্রকল্পের চূড়ান্ত তালিকায় আমার নাম না থাকায় আমি পাবেলের সঙ্গে যোগাযোগ করি। সে সময় সে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে। সর্বশেষ পাওনা ৩ লাখ টাকা ফেরত চাইলে সে ১৫ দিনের সময় নিয়ে আত্মগোপন করে এবং ফোন ধরা বন্ধ করে দেয়।"শাল্লা উপজেলার দুইটি কুখ্যাত চোরের গ্রাম আছে নারকিলা চোরা পল্লী ও উজানগাও। সে একজন মাদক ব্যবসায়ী।
বুধবার সকাল ১১টার দিকে পাবেল আহমেদের দেখা পেয়ে পাওনা টাকার বিষয়ে কথা বলেন রাকিব। তিনি দাবি করেন, সেখানে উপস্থিত ফখরুল মিয়া, ইউপি সদস্য হারুন মিয়া ও সাংবাদিক দিলোয়ার হোসেনের সামনে শুধু মৌখিক কথোপকথন হয়েছে। কোনো প্রকার মারামারির ঘটনা ঘটেনি। অথচ এই সাধারণ ঘটনাকে 'তিলকে তাল' বানিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা সংবাদ পরিবেশন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুল আমিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন:"ঘটনার সময় আমি উপস্থিত না থাকলেও সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে ও আমার সংগঠনকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাবেল আহমেদ ইতিপূর্বে সাংবাদিক বাদল দাসকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করে পানি উন্নয়ন বোর্ডের কমিটিতে ঢুকেছেন। এই পদ ব্যবহার করে তিনি দুর্নীতির রাজত্ব কায়েম করেছেন।"
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ অভিযোগ করেন, পাওনা টাকা ফেরত না দেওয়ার ফন্দি হিসেবেই পাবেল আহমেদ এই মিথ্যা রটনা ছড়াচ্ছেন। তারা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং সামাজিক মর্যাদা পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.