যশোর শহরের সার্কিট হাউসপাড়ায় মাকে মারধর ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে হাসান পারভেজ নামে এক যুবককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সংক্ষিপ্ত বিচারে এ দণ্ডাদেশ দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্ত হাসান পারভেজ যশোরের দড়াটানার তাজ স্ন্যাক্সের স্বত্বাধিকারী প্রয়াত সোহেল হাসান মিঠুর ছেলে।
আদালতে দাখিল পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে হাসান পারভেজ তার মা মাহামুদা হাসান ও বোন ফারহানা আফরোজকে ভয়ভীতি দেখিয়ে আসছিল। তাদের প্রায় হত্যার হুমকি দিত সে।।
এ পরিস্থিতিতে মাহামুদা স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেড়ে আট মাস অন্যত্র বসবাস করেন। এ ছাড়া বোন ফারহানা আফরোজকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রাখে হাসান।
পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মাহামুদা নিজের অংশের কিছু জমি মেয়েকে লিখে দেন। এতে ক্ষিপ্ত হয় হাসান। এ নিয়ে গত মঙ্গলবার বিকেলে সার্কিট হাউসপাড়ায় মা ও বোনকে দেখে গালিগালাজ শুরু করে সে।
এ সময় প্রতিবাদ করলে মাকে কিল-ঘুষি মারে হাসান। এতে মাহামুদার শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।এ ছাড়া তার কাছে থাকা প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন ভাঙচুর করেন হাসান।
এ ঘটনায় মাহামুদা হাসান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পুলিশ ঘটনাস্থলে অভিযোগের সত্যতা পেয়ে হাসানকে আটক করে।
বুধবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক সাত দিন বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.