পটুয়াখালীর মহিপুরে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে এক মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) বিকেলে মহিপুর থানা সদরের বাজারে প্রধান সড়ক সোনালী ব্যাংক রোডে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহিপুর সচেতন নাগরিক সমাজ, ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ ও জিয়া তারুণ্য ক্লাব মহিপুরের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে এলাকার সর্বস্তরের প্রায় পাঁচ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক সমাজের মিজানুর রহমান রিপন, হেদায়েত উল্লাহ দেওয়ান, তোফাজ্জল হোসেন সিপাহী,শাহজাহান কাজী, শাহ-আলম মুন্সি, জাহিদুল ইসলাম রাজিব,আলম সন্নমত, জাহিদুল ইসলাম গাজী,ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের সাইফুল ইসলাম সাগর, জিয়া তারুণ্য ক্লাবের রাইসুল ইসলাম রুপু, মানবিক সমাজ সেবার রিপন সাব্বিরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মাদক বিরোধী এ মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় মাদক এখন মহামারি আকার ধারণ করেছে। মাদক কারবারি ও সেবনকারীদের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাপন কঠিন হয়ে পড়েছে।
সচেতন নাগরিক সমাজের পক্ষে মিজানুর রহমান রিপন বলেন, মাদকের ভয়াবহতা আমাদের সমাজকে গ্রাস করছে। এখনই প্রতিরোধ না গড়ে তুললে পরিস্থিতি আরও ভয়াবহ হবে।তিনি আরো বলেন, পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি মহোদয় মাদকের বিরুদ্ধে ইতিপূর্বে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। মাননীয় এমপি মহোদয়, স্হানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কে মাদক ক্রয় - বিক্রয় ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ ও নিয়মিত অভিযান পরিচালনা করে কার্যকরি ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।
তোফাজ্জেল হোসেন সিপাহী বলেন, মাদক কারবারি ও সেবনকারীদের এ পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসুন। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশের সাইফুল ইসলাম সাগর বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ। তারা যদি মাদকের অন্ধকারে হারিয়ে যায়, তাহলে আগামীর বাংলাদেশও অন্ধকারে ডুবে যাবে। তাই সবাইকে একসাথে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং যুবকদের জন্য সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে।
জিয়া তারুণ্য ক্লাবের রাইসুল ইসলাম রুপু বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন । তরুণ ও যুবকদের খেলাধুলার প্রতি মনোযোগ দিতে হবে এবং মাদক মুক্ত যুবসমাজ গঠনে ভূমিকা রেখে দেশের তরুণ ও যুবসমাজ কে কর্মময় সম্পদে পরিনত করতে হবে।
বক্তারা আরও বলেন,মহিপুর উপকূলীয় অঞ্চল ও মৎস্য বন্দর এলাকা হওয়ায় এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নানান ধরনের মানুষ আসে। এ কারণেই মাদক কারবারিরা পূর্বের চেয়ে বেশি সক্রিয় হয়ে উঠেছে। তাদের দ্রুত দমন না করা হলে ভবিষ্যতে সামাজিক অস্থিরতা বৃদ্ধি পাবে।
মানববন্ধন থেকে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জোরদারের দাবি জানানো হয়।
পরিশেষে বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন সম্ভব—এতে দেশ ও সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.