চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শিশুদের প্রতিবন্ধিতা প্রারম্ভিক পর্যায়ে শনাক্তকরণ এবং সময়োপযোগী হস্তক্ষেপ নিশ্চিত করার লক্ষ্যে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বাঁশখালী অফিসার্স ক্লাব মিলনায়তনে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস) উদ্যোগে “Strengthening Early Identification and Early Intervention for the Children with Disabilities (EiEi) Project” শীর্ষক এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার (জেএসইউএস)-এর নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভীন।
সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাইফুল আমিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন, মেডিকেল অফিসার ডা. শামীমা আক্তার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আমজাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শওকুতুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা কায়সার উদ্দিন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আল মামুন, বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন গুপ্ত, বাংলাদেশ প্রেস ক্লাব বাঁশখালী শাখার সহসভাপতি ও জাতীয় দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার বাঁধা প্রতিনিধি আমিনুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক শিবানী দাশ, পরিবার পরিকল্পনা পরিদর্শক রনি দেবসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এছাড়াও বৈলছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য পিংকু পুরহিত, প্রশাসনিক কর্মকর্তা মিন্টু তালুকদার, সিআরসি সদস্য জাফরুল ইসলাম ও টিপু আক্তার এবং গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রকল্প কর্মকর্তা রাজেশ রতন মল্লিক।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেএসইউএস-এর সহকারী পরিচালক মো. আরফুল ইসলাম। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং শিশুদের প্রতিবন্ধিতা প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও দ্রুত হস্তক্ষেপের গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, শিশুর জন্মের পর থেকেই তার শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। প্রতিবন্ধিতার লক্ষণগুলো প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে দ্রুত চিকিৎসা, পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়। এতে শিশুর বিকাশের সুযোগ বৃদ্ধি পায় এবং পরিবারও যথাযথ দিকনির্দেশনা লাভ করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, “প্রতিবন্ধী শিশুদের অধিকার, মর্যাদা ও উন্নয়ন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিশুদের প্রারম্ভিক পর্যায়ে প্রতিবন্ধিতা শনাক্তকরণে জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় সরকারি বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় জোরদার করে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক, সহায়ক ও মানবিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, এডভোকেসি সভাটির আয়োজন করে যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস)। এতে কারিগরি সহযোগিতা প্রদান করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং অর্থায়ন করে লিলিয়ান ফান্ডস (এলএফ)।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.