নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে চাইনিজ কুড়াল ও ধারালো রামদাসহ দুটি দেশীয় অস্ত্র এবং ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং মান্দা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গণেশপুর ইউনিয়নের কাঞ্চন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চন গ্রামের মোহাম্মদ আরমান আলীর (৩১) বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি ধারালো রামদা ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কাঞ্চন গ্রামের মোহাম্মদ আরমান আলী (৩১), পিতা মোহাম্মদ আফজাল হোসেন এবং মীরপুর গ্রামের মোঃ আইজুল ইসলাম (৪২), পিতা মৃত আয়েস উদ্দিন।
পুলিশ জানায়, উদ্ধার করা রামদাটির বাটসহ দৈর্ঘ্য ৬৯ সেন্টিমিটার এবং বাট ছাড়া দৈর্ঘ্য ৫২ সেন্টিমিটার। অপরদিকে চাইনিজ কুড়ালটির বাটসহ দৈর্ঘ্য ৩০ সেন্টিমিটার এবং প্রস্থ ১৪ সেন্টিমিটার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার দুজন মাদক ব্যবসার পাশাপাশি বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে ইতিপূর্বে মাদকসংক্রান্ত চার থেকে পাঁচটি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এছাড়া তাদের সঙ্গে আরও দুই থেকে তিনজন এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.