কক্সবাজারের টেকনাফে পৃথক ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। একই রাতে রোহিঙ্গা ক্যাম্পে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক যুবককে দুই মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টেকনাফের ২৪ নম্বর লেদা রোহিঙ্গা ক্যাম্পের সিআইসি কার্যালয়ের সামনে থেকে বদি আলম (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দক্ষিণ হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার নুর আলীর ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শাহীন হোসেন রাত্রীকালীন মোবাইল ডিউটি দলের সদস্যদের নিয়ে অভিযান চালান। এ সময় বদি আলমকে আটক করে জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। তাঁর বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭ ও ৩০ ধারায় একটি মামলা রয়েছে। মামলাটি ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত হয়। পরে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
অন্যদিকে, একই দিন রাত সাড়ে ১২টার দিকে ২৫ নম্বর আলীখালী রোহিঙ্গা ক্যাম্পের ডি-১০ ব্লকে পারিবারিক কলহের জেরে মারামারি ও বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ক্যাম্পের টহল দল।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, এ সময় মোহাম্মদ জামিল (৩২) নামের এক রোহিঙ্গা যুবক কর্তব্যরত পুলিশ সদস্যদের উদ্দেশে আপত্তিকর আচরণ করেন এবং তাঁদের ‘ডাকাত’ বলে চিৎকার করেন। পুলিশ সদস্য ও ক্যাম্পের স্বেচ্ছাসেবকেরা তাঁকে শান্ত করার চেষ্টা করলেও তিনি সরকারি কাজে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। পরে তাঁকে আটক করা হয়।
বুধবার সকাল ১১টা ১৫ মিনিটে তাঁকে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে হাজির করা হলে সিআইসি কর্মকর্তা উপসচিব খানজাদা শাহরিয়া বিন মান্নান দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাঁকে দোষী সাব্যস্ত করে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেন। পরে তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
পৃথক দুই ঘটনায় একজনকে গ্রেপ্তার এবং অপর একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.