পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত ভ্যান উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আহত ডা. মাইনুল ইসলাম শুভ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত। তিনি নিজেকে নিহত চিকিৎসকের স্বামী বলে পরিচয় দিয়েছেন।
ডা. মাইনুল ইসলাম শুভ জানান, শুক্রবার ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে তাঁরা দুজন ওশান ভিউ হোটেলে অবস্থান করেন। শনিবার বিকেলে ইঞ্জিনচালিত ভ্যানে করে মিশ্রিপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন। পথে একটি বিড়াল ভ্যানের চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ভ্যানটি উল্টে যায় এবং তাঁরা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।
এ সময় নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে তুলাতলী হাসপাতালে নিয়ে যান। পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইসিজি পরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনদের বরাতে জানা যায়, নাবিলা নুসরাত ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করা হয়। তবে দুর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসক।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি (তদন্ত) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তাঁর স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.