কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জে ছাত্রদলের জেলা শাখার সদ্য ঘোষিত আংশিক নতুন কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় এ বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভকারিদের অবরোধের কারণে গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়সহ প্রধান সড়কগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে জনদুর্ভোগের পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হতে দেখা যায় । বিক্ষোভকারিদের প্রায় আধাঘণ্টার কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে দেখা যায় ।
বিক্ষোভকারীরা সদ্য ঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেটের কমিটি' দাবি করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ স্থানীয় নেতাকর্মীরা।
এসময় জেলা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো.পাভেল হাসান বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। তিনি আরও দাবি করেন জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই মূলত এই কমিটি গঠন করা হয়েছে। আমরা এই কমিটি মানি না,এবং ভবিষ্যতেও মানবো না।
তিনি আরও বলেন, ছাত্রদলের অভিভাবক বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমাদের একটিই আবেদন, তিনি যেনো বিষয়টি যাচাই-বাছাই করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেন ।
আন্দোলনকারিরা বলেন আমরা কোনোক্রমেই এই সিন্ডিকেটের কমিটি মেনে নেব না। ভবিষ্যতে আমরা আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.