কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কটিয়াদীতে রবি মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বহুগুণ বাড়িয়ে তুলতে ১৩১০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রণোদনা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ভূঁইয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, অতিরিক্ত কৃষি কর্মকর্তা আজহার মাহমুদ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আমান উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, উপজেলা ছাত্রদলের সভাপতি তাফসিরুল হাসিবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তালিকাভুক্ত ১৩১০ জন কৃষক-কৃষাণীর মধ্যে প্রণোদনার আওতায়:
১২৪০ জন কৃষক প্রত্যেকে ১ কেজি সরিষা বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার পেয়েছেন।
৬০ জন কৃষক পেয়েছেন ১০ কেজি করে চিনাবাদাম বীজ ও নির্ধারিত পরিমাণ সার। ১০ জন কৃষক পেয়েছেন ৫ কেজি করে মুগডাল বীজ, ১০ কেজি ডিএসপি এবং ৫ কেজি এমওপি সার।
অনুষ্ঠানের বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকদের উৎপাদনমুখী করে তুলতে হবে এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে উৎসাহিত করতে হবে। বর্তমান সরকার কৃষকদের পাশে থেকে দেশের কৃষি উৎপাদন বাড়াতে নানামুখী প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, "সরিষা, চিনাবাদাম ও মুগডালের মতো ফসলের আবাদ বাড়ানোর মাধ্যমে দেশের ভোজ্যতেল ও ডালের ঘাটতি পূরণ করা সম্ভব। এতে যেমন কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন, তেমনি আমদানির ওপর দেশের নির্ভরশীলতাও উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে।"
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং কৃষি বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সরকারি এই সহায়তা পেয়ে দারুণ সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা এবং কৃষি খাতের উন্নয়নে এ ধরনের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত রাখার জোরালো দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.