পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামানের আগমনকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপা বাজার দোকান মালিক সমিতির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর ২টায় হাই স্কুল মার্কেটের সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাজার দোকান মালিক সমিতির সভাপতি মোঃ নেকবার হোসেন। সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে আনন্দঘন, বর্ণাঢ্য ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি আইনমন্ত্রীর আগমন উপলক্ষে বাজার এলাকায় সৌন্দর্যবর্ধন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের ভূমিকা নিয়েও গুরুত্বারোপ করা হয়।
সভায় ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণে বৈশাখী সাজসজ্জা, দোকান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ক্রেতা সেবার মান বৃদ্ধি এবং বিশেষ ছাড় প্রদানের বিষয়েও মতবিনিময় করা হয়। এছাড়া আগত অতিথিদের যথাযথ অভ্যর্থনা জানাতে সার্বিক প্রস্তুতির ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মুন্সি রবিউল ইসলাম, মুক্তার হোসেন, বিপ্লব কুমার, ষষ্ঠী কুমার, আব্দুল জাব্বার, বাকীবিল্লাহ, বাদশাহ আলম, ইমরুল হোসেন, আমিরুল ইসলাম ও ওসমান গনি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পহেলা বৈশাখ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রধান উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বাজারে ক্রেতাদের ব্যাপক সমাগম ঘটে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে হবে। শেষে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ ডা: কামরুল ইসলাম মনা
সহ-সম্পাদকঃ ইয়াছির আরাফাত মিফতা
নির্বাহী সম্পাদকঃ মো. জাকির হোসেন মিথুন
বার্তা সম্পাদকঃ মোঃ মন্টু রহমান
Copyright © 2026 দৈনিক হালচাল নিউজ. All rights reserved.